সরকারি হাসপাতালে জন্মালেই সোনার আংটি উপহার দেবে মুখ্যমন্ত্রী বিজয়

সরকারি হাসপাতালে জন্মালেই সোনার আংটি উপহার দেবে মুখ্যমন্ত্রী বিজয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬ ১৩:২৬

আপডেট: ২৫ জুন, ২০২৬ ১৭:৩০

সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে এক গ্রাম ওজনের সোনার আংটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। ব্যতিক্রমী এই জনকল্যাণমূলক উদ্যোগকে ঘিরে রাজ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘থাই মামান সোনার আংটি’ নামে এই প্রকল্পকে শিশু ও পরিবারের প্রতি রাষ্ট্রীয় দায়িত্ববোধের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

তামিল সমাজের প্রচলিত ‘থাই মামান সির’ রীতি থেকে অনুপ্রাণিত হয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঐতিহ্য অনুযায়ী, নবজাতককে মামার পক্ষ থেকে আশীর্বাদ ও উপহার দেওয়ার রীতি রয়েছে, যা এবার সরকারি প্রকল্পে রূপ পেয়েছে।

রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের প্রতি ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচি চালু করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিন ২২ জুন ২০২৬ থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া সব নবজাতক এই সুবিধার আওতায় আসবে।

প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১৫ সেপ্টেম্বর, সাবেক মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে।

সরকার জানিয়েছে, এই কর্মসূচি বাস্তবায়নে বছরে প্রায় ৭৫৫ কোটি ৮৩ লাখ টাকা ব্যয় হবে। পাশাপাশি নবজাতকদের পরিবারকে সহায়তা এবং তামিল সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণও এই উদ্যোগের লক্ষ্য।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্রি কাজাঘাম’-এর নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যেই ছিল এই প্রকল্প। এবার তা বাস্তবায়নের পথে এগোচ্ছে রাজ্য সরকার।