ইতালির রাজধানী রোমে ছুরিকাঘাতে একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (স্থানীয় সময়) রাত ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের পিনেতা সাচেত্তি সংলগ্ন ভিয়া মন্তিগ্লো এলাকার একটি আবাসিক অ্যাপার্টমেন্টে এ নৃশংস হামলার ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাংলাদেশি প্রবাসী কামাল হোসেন, তার স্ত্রী এবং তাদের ৫ বছর বয়সী কন্যাসন্তান। নিহত কামাল হোসেনের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জে। পরিবারটি দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি অস্ত্র নিয়ে ফ্ল্যাটে প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
এ সময় কামাল হোসেনের ১৮ বছর বয়সী ছেলে হামলাকারীকে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ইতালির বিশেষ পুলিশ ইউনিট কারাবিনিয়েরি ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আহতকে হাসপাতালে পাঠায়।
ইতালির পুলিশ জানিয়েছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, ডাকাতি নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে ঘটেছে—তা তদন্ত করে দেখা হচ্ছে। হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
স্থানীয় বাংলাদেশি কমিউনিটি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
আরো পড়ুন: