সরকারি সুবিধার অপব্যবহার করলে ভিসা বাতিল: মার্কিন দূতাবাস

সরকারি সুবিধার অপব্যবহার করলে ভিসা বাতিল: মার্কিন দূতাবাস
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬ ১২:৫০

বাংলাদেশিসহ সব বিদেশি নাগরিকদের উদ্দেশে জরুরি সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সরকারি অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে ভিসা বাতিলসহ কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দূতাবাস।

শনিবার (২৭ জুন) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণরত কোনো বিদেশি নাগরিক যদি করদাতাদের অর্থে পরিচালিত জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তবে তাকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।

দূতাবাস আরও জানায়, অনভিবাসী বা অস্থায়ী ভিসাধারীরা এ ধরনের অনিয়মে জড়ালে তাদের বর্তমান ভিসা বাতিল করা হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও স্থায়ীভাবে বাতিল বা সীমিত করা হতে পারে।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় প্রতিটি বিদেশি নাগরিককে নিজস্ব খরচ নিজেকেই বহন করতে হবে। অন্যের সহায়তা বা সরকারি তহবিলের ওপর নির্ভর করে থাকা-খাওয়ার ব্যবস্থা গ্রহণ করলে তা আইনগতভাবে অপরাধ হিসেবে গণ্য হবে।