বেইজিংয়ের সিআইটিআইসি টাওয়ারে বিধ্বস্ত উড়োজাহাজ

বেইজিংয়ের সিআইটিআইসি টাওয়ারে বিধ্বস্ত উড়োজাহাজ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬ ১৩:৩২

চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ ভবন সিআইটিআইসি টাওয়ারে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (স্থানীয় সময়) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উড়োজাহাজটি আকারে ছোট ছিল এবং এটি ভবনের সঙ্গে সরাসরি সংঘর্ষ করে। ঘটনার সময় ভবনের ভেতরে থাকা লোকজন হঠাৎ বিকট শব্দ শুনতে পান এবং পরে কাঁচ ও কংক্রিটের টুকরো নিচে পড়তে দেখেন।

এরপরই ভবনের অ্যালার্ম বেজে ওঠে এবং জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে।

বেইজিংয়ের ১০৯ তলাবিশিষ্ট এই ভবনটি ‘চায়না জুন’ নামেও পরিচিত, যা ২০১৮ সালে নির্মিত হয় এবং শহরের সর্বোচ্চ ভবন হিসেবে পরিচিত।

ঘটনায় কেউ নিহত বা আহত হয়েছেন কি না, কিংবা উড়োজাহাজটি কী ধরনের ছিল—এ বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। চীনা প্রশাসন ও পুলিশ বিষয়টি তদন্ত করছে।

স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়। কর্তৃপক্ষ এ বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছুক।

প্রত্যক্ষদর্শীদের একজন জানান, ভবনে বড় ধরনের ক্ষতি না হলেও ঘটনাটি আতঙ্ক সৃষ্টি করেছে। ড্রোন ওড়ানো নিষিদ্ধ থাকা সত্ত্বেও কীভাবে এই উড়োজাহাজ আকাশে এলো, তা নিয়েও প্রশ্ন উঠছে।