যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ স্মারক সংস্করণের একটি নতুন পাসপোর্টের নকশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৬ জুন) তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পাসপোর্টটির একটি নমুনা প্রকাশ করেন।
পোস্টে ট্রাম্প লেখেন, “যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট— স্বাগতম, ভালো থাকবেন!”
প্রকাশিত নমুনায় পাসপোর্টের একটি পাতায় রেজোলিউট ডেস্কের সামনে ট্রাম্পের প্রতিকৃতি দেখা যায়। একই পাতায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের মূল অংশ এবং নিচে ট্রাম্পের স্বাক্ষর রয়েছে। বিপরীত পাতায় স্থান পেয়েছে শিল্পী জন ট্রাম্বুলের বিখ্যাত চিত্রকর্ম ‘দ্য ডিক্লারেশন অব ইন্ডিপেনডেন্স’।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, পাসপোর্টে ব্যবহৃত ট্রাম্পের প্রতিকৃতি সম্ভবত স্মিথসোনিয়ান ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারিতে সংরক্ষিত তার সরকারি প্রতিকৃতির ভিত্তিতে তৈরি। এটি চলতি বছরের শুরুতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট প্রকাশিত নকশা থেকে আলাদা।
পরে হোয়াইট হাউসের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকেও একই নকশার ছবি প্রকাশ করা হয়। ক্যাপশনে লেখা হয়, “যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উপলক্ষে নতুন মার্কিন পাসপোর্ট।”
তবে এটি স্মারক পাসপোর্টের চূড়ান্ত নকশা কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি হোয়াইট হাউস। এ বিষয়ে মন্তব্যের জন্য স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীমিত সংস্করণের এই স্মারক পাসপোর্ট চালুর ঘোষণা দেওয়া হয়েছিল। তখন জানানো হয়, পাসপোর্টটির প্রচ্ছদ ও ভেতরের পাতায় বিশেষ শিল্পকর্ম এবং উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পাসপোর্টটি চালু হলে প্রথমে ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সিতে সরাসরি নবায়নকারীরা এটি পাবেন। তবে অনলাইনে বা অন্যান্য কেন্দ্র থেকে আবেদনকারীদের আপাতত বর্তমান নকশার পাসপোর্টই দেওয়া হবে।
বর্তমান মার্কিন পাসপোর্টের প্রথম ভেতরের পাতায় শিল্পী পার্সি মোরানের আঁকা ফোর্ট ম্যাকহেনরি যুদ্ধ-পরবর্তী দৃশ্যের একটি চিত্র রয়েছে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীতের অনুপ্রেরণার সঙ্গে সম্পর্কিত।
আরো পড়ুন: