ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৩০ জনে পৌঁছেছে। একই সঙ্গে এখনো ৫১ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
গত বুধবার (২৪ জুন) দেশটির উপকূলীয় লা গুয়াইরা অঞ্চলে রিখটার স্কেলে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধ্বংসস্তূপ তৈরি হয়। তিন দিন পরও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে স্থানীয় বাসিন্দারাও হাত লাগিয়েছেন। তবে সরকারি উদ্ধার কার্যক্রম পর্যাপ্ত না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে।
শুক্রবার (২৬ জুন) রাত থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় সাধারণ মানুষের চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। এখন থেকে বিশেষ অনুমতি ছাড়া লা গুয়াইরা অঞ্চলে প্রবেশ করা যাচ্ছে না।
উদ্ধারকাজে সময়ের গুরুত্ব বিবেচনায় আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করেছে, ভূমিকম্পের পর জীবিত উদ্ধারের “গোল্ডেন ৭২ ঘণ্টা” সময়সীমা প্রায় শেষের পথে।
সরকারি তথ্যমতে, এখন পর্যন্ত ৩ হাজার ৩০০ জন আহত হয়েছেন এবং ২৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আরাগুয়া রাজ্যে ৪.৮ মাত্রার আরেকটি আফটারশক অনুভূত হয়েছে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) জানিয়েছে, এই ভূমিকম্পে ভেনেজুয়েলায় অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৪.৭ থেকে ৮.৭ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, প্রায় ৬৭ লাখের বেশি মানুষ এই দুর্যোগে সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। সংস্থাটি দ্রুত আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে।
আরো পড়ুন: