করাচিতে সেনা ক্যাম্পে হামলা, সেনাসহ নিহত ৩

করাচিতে সেনা ক্যাম্পে হামলা, সেনাসহ নিহত ৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬ ১২:১৭

পাকিস্তানের করাচিতে সেনাবাহিনীর একটি ক্যাম্পে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে তিন সেনা নিহত হয়েছেন এবং আহতসহ মোট ১০ জন হতাহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

রোববার (২৮ জুন) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, করাচির গুলিস্তান-ই-জোহর ব্লক ৬ এলাকায় পাকিস্তান রেঞ্জার্স (সিন্ধু) ক্যাম্পে এই হামলা চালানো হয়। হামলায় বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, প্রথমে ক্যাম্পের মূল ফটকে শক্তিশালী বিস্ফোরণ ঘটানো হয়। এরপর হামলাকারীরা সীমানা প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। পরে নিরাপত্তা বাহিনীর পাল্টা প্রতিরোধে সংঘর্ষ শুরু হয়।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, হামলাকারীরা জামাত-উল-আহরার নামের একটি গোষ্ঠীর সদস্য। তারা ক্যাম্পে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর অভিযানে তিন সন্ত্রাসী নিহত হয় এবং একজনকে আহত অবস্থায় আটক করা হয়। আটক ব্যক্তির আফগান নাগরিকত্ব রয়েছে বলেও দাবি করা হয়েছে।

আইএসপিআর আরও জানিয়েছে, হামলাটি ভারত-সমর্থিত একটি সন্ত্রাসী গোষ্ঠীর পরিকল্পিত আক্রমণ ছিল। হামলার পর পুরো এলাকায় চিরুনি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

এদিকে হামলার পর গুলিস্তান-ই-জোহর এলাকার একাধিক সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির নিহত সেনাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, এই আত্মত্যাগ পাকিস্তানের নিরাপত্তা রক্ষার অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।