মার্কিন হামলা অব্যাহত থাকলে চুক্তি বাতিলের হুঁশিয়ারি তেহরানের

মার্কিন হামলা অব্যাহত থাকলে চুক্তি বাতিলের হুঁশিয়ারি তেহরানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬ ১২:৩৭

যুক্তরাষ্ট্রের অব্যাহত সামরিক হামলার মুখে কঠোর অবস্থান নিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, মার্কিন হামলা অব্যাহত থাকলে দুই দেশের মধ্যে হওয়া সাম্প্রতিক সমঝোতা স্মারক (এমওইউ) বাতিল করা হবে এবং চলমান সব কূটনৈতিক আলোচনা বন্ধ হয়ে যাবে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেয়। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতার পঞ্চম দফায় হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ নিয়ন্ত্রণের বিষয়ে ইরানের সার্বভৌম অধিকার স্বীকৃত হয়েছে।

আইআরজিসি দাবি করে, হরমুজ প্রণালিতে নিয়ম লঙ্ঘনকারী যেকোনো জাহাজের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলা হয়, সামরিক আগ্রাসন অব্যাহত থাকলে এর “ভয়াবহ পরিণতি” ভোগ করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইরান এখন আরও কঠোর প্রতিক্রিয়া দেখাবে এবং যুক্তরাষ্ট্রকে “চূর্ণকারী জবাব” দেওয়া হবে।

এর আগে গত ১৭ জুন দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে সাম্প্রতিক উত্তেজনা ও হামলার ঘটনায় সেই চুক্তি এখন গভীর সংকটে পড়েছে।

প্রসঙ্গত, শনিবার হরমুজ প্রণালি দিয়ে যাওয়া পানামার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটে। এর আগে আরও একটি বাণিজ্যিক জাহাজে একই ধরনের হামলার অভিযোগ ওঠে। এসব ঘটনার পর অঞ্চলটিতে উত্তেজনা আরও বেড়েছে।