দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর স্থাপনা গুঁড়িয়ে দিল আইডিএফ

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর স্থাপনা গুঁড়িয়ে দিল আইডিএফ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬ ১২:৫৫

দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই অভিযান পরিচালনা করেছে বলে জানিয়েছে দেশটির সরকার।

রোববার (২৯ জুন) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ধ্বংস হওয়া সুড়ঙ্গটি প্রায় ৬৫৬ ফুট দীর্ঘ ছিল এবং দক্ষিণ লেবাননের মাজদাল জৌন শহরে অবস্থিত। এটি হিজবুল্লাহর একটি গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনা হিসেবে ব্যবহৃত হতো।

ইসরায়েলের দাবি অনুযায়ী, সুড়ঙ্গটি অস্ত্রের ডিপো হিসেবে ব্যবহৃত হতো এবং অভিযানকালে সেখান থেকে শত শত আগ্নেয়াস্ত্র ও রকেট লঞ্চার জব্দ করা হয়েছে।

এর আগে ২৭ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত একটি চুক্তিতে পৌঁছায়। ওই চুক্তির আওতায় সীমান্ত থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সেখানে লেবানিজ সেনা মোতায়েনের কথা বলা হয়।

তবে চুক্তিতে আরও কিছু সময় সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনার উপস্থিতি অব্যাহত থাকার বিষয়ও উল্লেখ ছিল বলে জানা গেছে।

এদিকে হিজবুল্লাহ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। গোষ্ঠীটির দাবি, এটি ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি চুক্তির প্রকাশ্য লঙ্ঘন।

হিজবুল্লাহর বর্তমান শীর্ষ নেতা নাইম কাসেম বলেছেন, লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় তাদের প্রতিরোধ অব্যাহত থাকবে এবং তারা পিছু হটবে না।