যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে নিজের ছবিযুক্ত ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ উদ্বোধন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ নতুন এই পাসপোর্টের ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, “যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট—যেখানে লেখা আছে, ‘স্বাগতম, কিন্তু ভালো থেকো!’”
ট্রাম্পের শেয়ার করা ছবিতে দেখা যায়, তিনি ডেস্কের সামনে গম্ভীর ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। পাসপোর্টে তার স্বাক্ষরের পাশাপাশি পটভূমিতে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের অংশ সংযোজন করা হয়েছে। হোয়াইট হাউসের কর্মকর্তাদের মতে, ছবিটি প্রেসিডেন্সিয়াল ফটোগ্রাফার ড্যানিয়েল টোরোক ধারণ করেছিলেন।
পাসপোর্টের বিপরীত পৃষ্ঠায় রয়েছে ১৭৭৬ সালের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের একটি ঐতিহাসিক চিত্রকর্ম। সেখানে “United States of America 250” শিরোনামও যুক্ত করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তিকে স্মরণ করছে।
এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, স্বাধীনতা দিবসের দুই দিন পর অর্থাৎ ৬ জুলাই সীমিত সংখ্যক একটি স্মারক পাসপোর্ট প্রকাশ করা হবে। তবে ট্রাম্প যে পাসপোর্টের ছবি প্রকাশ করেছেন, সেটিই সেই সরকারি স্মারক পাসপোর্ট কি না—এ বিষয়ে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের ছবিযুক্ত এই প্যাট্রিয়ট পাসপোর্ট সীমিত সংখ্যায় প্রকাশ করা হয়েছে। এটি সংগ্রহ করতে আগ্রহীদের সশরীরে ওয়াশিংটনে গিয়ে আবেদন করতে হবে।
২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সরকারি উদ্যোগে ট্রাম্পের ব্যক্তিগত উপস্থিতি ও ব্র্যান্ডিং নিয়ে আলোচনা বেড়েছে। এর আগে সরকারি ভবনে তার ব্যানার প্রদর্শন, এক ডলারের নোটে স্বাক্ষর যুক্ত করার পরিকল্পনা এবং জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস-এর সঙ্গে নিজের নাম যুক্ত করার উদ্যোগও ব্যাপক আলোচনার জন্ম দেয়।
প্যাট্রিয়ট পাসপোর্ট প্রকাশের মাধ্যমে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট, যার ছবি ও নাম বিশেষ সংস্করণের মার্কিন ভ্রমণনথিতে স্থান পেল।
আরো পড়ুন: