মিয়ানমারে একটি পরিত্যক্ত জেড খনিতে ভারী বৃষ্টির কারণে বর্জ্যের স্তূপ ধসে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে এবং আরও প্রায় ১৫ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করে।
প্রতিবেদনে বলা হয়, উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যের ওই এলাকায় রত্নের টুকরো সংগ্রহে থাকা শ্রমিকরা হঠাৎ ধসের শিকার হন। এরপর তারা মাটিচাপা পড়েন।
রাষ্ট্রীয় দৈনিক দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানায়, টানা কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে পুরোনো খনির বর্জ্যের স্তূপ আলগা হয়ে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং নিখোঁজদের উদ্ধারে অনুসন্ধান অভিযান চলছে।
মিয়ানমারের জেড খনি শিল্পে নিরাপত্তা ঝুঁকি দীর্ঘদিনের সমস্যা। দরিদ্র স্থানীয় মানুষ জীবিকার তাগিদে ফেলে দেওয়া পাথরের স্তূপ থেকে মূল্যবান জেডের টুকরো সংগ্রহ করে থাকেন।
সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে খনি নিয়ন্ত্রণ ও সংঘাত পরিস্থিতির কারণে ঝুঁকি আরও বেড়েছে বলে জানা গেছে।
প্রধান খনি কার্যক্রমে বাদ পড়ে যাওয়া রত্নের টুকরো খুঁজতে যারা ফেলে দেওয়া পাথরের স্তূপ ঘেঁটে জীবিকা নির্বাহ করেন, তারা এ অত্যন্ত লাভজনক শিল্পের সবচেয়ে নিচের স্তরের শ্রমিক|
সাম্প্রতিক মাসগুলোতে জেড খনির নিয়ন্ত্রণ নিয়ে ফাকান্ত এলাকায় মিয়ানমারের সেনাবাহিনী ও বিরোধী সশস্ত্র বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষও হয়েছে|
আরো পড়ুন: