৬.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো

৬.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ জুলাই, ২০২৬ ১০:৫৭

মেক্সিকোর পশ্চিম উপকূলে ৬.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টা ৪৫ মিনিটে ক্যালিফোর্নিয়া উপসাগর এলাকায় এই কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর এল প্রোগ্রেসো থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ–দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে এর কেন্দ্র ছিল বলে জানানো হয়েছে।

স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রাথমিকভাবে বড় কোনো অবকাঠামোগত ক্ষতি বা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।

এদিকে সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এর আগে ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে সংঘটিত হয়। ভূকম্পনবিজ্ঞানে এ ধরনের কাছাকাছি সময়ে দুটি শক্তিশালী কম্পনকে ‘ডাবলেট’ বলা হয়, যা ক্ষয়ক্ষতির ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) এর তথ্য অনুযায়ী, ১৯ থেকে ২৬ জুনের মধ্যে বিশ্বজুড়ে ৪.৫ বা তার বেশি মাত্রার মোট ৯৩টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি বৈশ্বিক ভূকম্পন তৎপরতা বৃদ্ধির একটি ইঙ্গিত হতে পারে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার মেনডোসিনো কাউন্টির রেডউড ভ্যালি এলাকায় ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এছাড়া জাপানের উত্তর-পূর্ব উপকূলের ইওয়াতে প্রিফেকচারের কাছেও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা প্রথমে ৬.৯ বলা হলেও পরে সংশোধন করে ৭.২ নির্ধারণ করে জাপান আবহাওয়া সংস্থা।