ভারতের রাজস্থানে দিল্লি–মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি স্লিপার বাস ও ট্রেইলারের ভয়াবহ সংঘর্ষের পর আগুন লেগে যায়। এ ঘটনায় অন্তত ৭ জন নিহত এবং ২২ জন যাত্রী আহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (১ জুলাই) রাত আড়াইটার দিকে দৌসার কাছে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের দিকে যাচ্ছিল। পথে দ্রুতগতিতে থাকা বাসটি একটি ট্রেইলারের সঙ্গে ধাক্কা খায় এবং মুহূর্তের মধ্যেই উভয় যানবাহনে আগুন ধরে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাস ও ট্রেইলার ভয়াবহভাবে দাউদাউ করে জ্বলছে এবং যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করছেন। দুর্ঘটনার সময় বাসের ওপরের তলার যাত্রীরা নিচে ছিটকে পড়েন বলে জানিয়েছেন কর্মকর্তারা। এতে পাঁচজন আগুনে দগ্ধ হয়ে এবং দুজন মাথায় আঘাত পেয়ে প্রাণ হারান।
প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার অভিযান চালায়। আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। তাদের দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, বাসচালক ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পাশাপাশি অতিরিক্ত গতি দুর্ঘটনার একটি সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে, ফলে আগুনে আটকে পড়া যাত্রীদের উদ্ধার বিলম্বিত হয়। অনেকে দাবি করেছেন, বাসের মালামাল রাখার অংশে সিগারেটের প্যাকেট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ তদন্ত শুরু করেছে। আহত ও নিহতদের পরিচয় শনাক্তের কাজও চলছে।
আরো পড়ুন: