আফগানিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল পাকিস্তানের বিভিন্ন অঞ্চল

আফগানিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল পাকিস্তানের বিভিন্ন অঞ্চল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জুলাই, ২০২৬ ১১:১১

আপডেট: ২ জুলাই, ২০২৬ ১১:১২

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন প্রতিবেশী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, বুধবার (১ জুলাই) স্থানীয় সময় রাত ১০টা ২৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল (এপিসেন্টার) ছিল আফগানিস্তানের বাদাখশান প্রদেশের জুর্ম জেলায়।

পাকিস্তানের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) জানায়, ভূমিকম্পের কম্পন খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ার, সোয়াত, শাংলা, বুনের, লোয়ার দিরসহ আশপাশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে।

এখন পর্যন্ত আফগানিস্তান বা পাকিস্তানের কোনো কর্তৃপক্ষ প্রাণহানি, আহত কিংবা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেনি।

ভৌগোলিক অবস্থানের কারণে আফগানিস্তান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল। দেশটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

এর আগে গত ২৭ জুন আফগানিস্তানে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। ওই ঘটনাতেও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হানে ২০২৫ সালের ৩ নভেম্বর। ৬ দশমিক ৩ মাত্রার সেই ভূমিকম্পে ভবন ধসে অন্তত সাতজন নিহত এবং প্রায় ১৫০ জন আহত হন।