যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে যোগাযোগ চ্যানেল খোলার সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে যোগাযোগ চ্যানেল খোলার সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জুলাই, ২০২৬ ১২:১৬

কাতারে অনুষ্ঠিত সংলাপ শেষে নিজেদের মধ্যে একটি যোগাযোগ চ্যানেল খোলার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। দুই দেশের সরকারি প্রতিনিধিরা আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তে পৌঁছান।

বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ইরনা-কে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি।

তিনি জানান, নতুন এই চ্যানেলের মাধ্যমে আগামী ৬০ দিনের মধ্যে সমঝোতা চুক্তির কোনো ধারা বা শর্ত লঙ্ঘিত হলে দুই পক্ষ দ্রুত একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারবে। এই সিদ্ধান্তের মধ্য দিয়েই কাতার সংলাপের সমাপ্তি ঘটে।

এর আগে ২৮ ফেব্রুয়ারি সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে পৌঁছায় এবং ৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এরপর স্থায়ী শান্তিচুক্তির লক্ষ্যে আলোচনা এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

১১ এপ্রিল ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলেও দীর্ঘ আলোচনার পরও চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। পরে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকে।

পরবর্তীতে একটি খসড়া সমঝোতা চুক্তি ইরানের কাছে পাঠায় যুক্তরাষ্ট্র। দীর্ঘ পর্যালোচনার পর ইরান এতে সম্মতি জানায় এবং পরবর্তীতে দুই দেশ চুক্তি বাস্তবায়নের দিকে অগ্রসর হয়।

চুক্তির মূল লক্ষ্য হিসেবে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে স্থায়ী শান্তিচুক্তি নিশ্চিত করা এবং দুই দেশের মধ্যে সংঘাত এড়াতে কার্যকর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা।