বুরকিনা ফাসোতে সেনাবাহিনী-বিদ্রোহীদের সংঘর্ষ, নিহত ৪০০

বুরকিনা ফাসোতে সেনাবাহিনী-বিদ্রোহীদের সংঘর্ষ, নিহত ৪০০

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জুলাই, ২০২৬ ১৬:১৫

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে বিভিন্ন সামরিক অবস্থানে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর সমন্বিত হামলা প্রতিহত করেছে দেশটির সেনাবাহিনী। পাল্টা বিমান ও স্থল অভিযানে অন্তত ৪০০ বিদ্রোহী নিহত হয়েছেন বলে দাবি করেছে সামরিক কর্তৃপক্ষ।

বুধবার (১ জুলাই) গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায় বুরকিনা ফাসোর সেনাবাহিনী।

বিবৃতিতে বলা হয়, গত ৩০ জুন সিরবা অঞ্চলের গায়েরি এবং লিপতাকো অঞ্চলের সোলহান ও সেব্বায় জাতীয় সশস্ত্র বাহিনী (এফএএন) এবং স্বদেশ প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক বাহিনীর (ভিডিপি) অবস্থান লক্ষ্য করে একযোগে হামলা চালায় বিদ্রোহীরা।

হামলার পরপরই বিমানবাহিনীর সহায়তায় স্থলবাহিনী পাল্টা অভিযান শুরু করে। সেনাবাহিনীর দাবি, লক্ষ্যভিত্তিক বিমান হামলা ও স্থল অভিযানে ৪০০ জনের বেশি হামলাকারী নিহত হন। এছাড়া ২৫০টির বেশি মোটরসাইকেল, ৩৫৩টি অস্ত্র, বিপুল গোলাবারুদ এবং যোগাযোগ সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সংঘর্ষে সেনাবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে। তাদের মধ্যে দুজন সোলহানে এবং একজন গায়েরিতে নিহত হন।

সেনাবাহিনী জানিয়েছে, পালিয়ে যাওয়া হামলাকারীদের ধরতে এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে নাগরিকদের সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে তথ্য দিয়ে নিরাপত্তা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

এদিকে সেনাবাহিনীর বিবৃতিতে সাম্প্রতিক এই হামলার সঙ্গে বুরকিনা ফাসোর ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার বিষয়টি যুক্ত করা হয়েছে। সেখানে অভিযোগ করা হয়েছে, ফ্রান্স সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।