ভেনেজুয়েলায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা জোড়া ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয় ঘটেছে। ৭.২ ও ৭.৫ মাত্রার দুই শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২ হাজার ২৯৫ জন নিহত এবং ১১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
স্থানীয় সময় ২৪ জুন ভোর ৬টা ৪ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পকে গত ১২৬ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী দুর্যোগ হিসেবে উল্লেখ করা হচ্ছে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) জানিয়েছে, এই ভূমিকম্পে ভেনেজুয়েলার ক্ষয়ক্ষতির পরিমাণ ৬৭০ কোটি ডলারের বেশি। একই সঙ্গে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবিক সংকটে পড়েছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, বাস্তুচ্যুত মানুষ এখন বিশুদ্ধ পানির সংকটে ভুগছে। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে আশ্রয়কেন্দ্র বা খোলা আকাশের নিচে গাদাগাদি করে বসবাস করতে বাধ্য হচ্ছে বহু মানুষ।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ধ্বংসস্তূপ ও অবকাঠামোর ব্যাপক ক্ষতির কারণে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।
নাসার স্যাটেলাইট বিশ্লেষণে বলা হয়েছে, ভূমিকম্পে প্রায় ৫৮ হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে থাকতে পারে, যা সরকারি হিসাবের তুলনায় অনেক বেশি।
মানবিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করেছে, পরিস্থিতি দ্রুত একটি বড় স্বাস্থ্য সংকটে রূপ নিতে পারে। বিশেষ করে গরম আবহাওয়ায় মশাবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।
এদিকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য ৯০০ মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলোও ভেনেজুয়েলায় কাজ করছে।
জাতিসংঘ ও বিভিন্ন সংস্থার মাধ্যমে ভেনেজুয়েলার জন্য কয়েকশ মিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করা হলেও তা মোট ক্ষয়ক্ষতির তুলনায় খুবই অপ্রতুল বলে জানিয়েছে ইউএনডিপি।
আরো পড়ুন: