ভয়াবহ তাপপ্রবাহে ইউরোপের ৩ দেশে মৃত্যু ৩,৭০০

ভয়াবহ তাপপ্রবাহে ইউরোপের ৩ দেশে মৃত্যু ৩,৭০০

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬ ১১:৪৭

জুন মাসে টানা ৮ দিনের ভয়াবহ তাপপ্রবাহে ইউরোপের ৩ দেশ ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে মোট ৩ হাজার ৭০০ অতিরিক্ত মৃত্যু হয়েছে। তিন দেশের সরকারি তথ্যের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত ইউরোপজুড়ে এই তাপপ্রবাহ বয়ে যায়। স্বাভাবিক ইউরোপীয় জলবায়ুর তুলনায় অতিরিক্ত এই তাপমাত্রা বিদ্যুতের চাহিদা বাড়িয়ে দেয়, পাশাপাশি স্বাস্থ্য ও অবকাঠামো খাতে বড় ধরনের চাপ সৃষ্টি করে।

বিশেষজ্ঞদের মতে, এটি ছিল ইউরোপে এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহগুলোর একটি। জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এমন চরম আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

সরকারি তথ্য অনুযায়ী, এই অতিরিক্ত মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ফ্রান্সে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, শুধু ফ্রান্সেই ২ হাজার ২৫ জনের অতিরিক্ত মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রী স্টেফানি রিস্ট জানিয়েছেন, ৪৫ বছরের বেশি বয়সীদের মধ্যে মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তিনি আরও বলেন, “আমাদের ধারণা, সরকারি হিসাবের বাইরে আরও মৃত্যুর ঘটনা থাকতে পারে।”

বেলজিয়ামে ১৮ থেকে ২৯ জুন পর্যন্ত ১১ দিনে ১ হাজার ২০০ অতিরিক্ত মৃত্যু রেকর্ড করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এটি এখন পর্যন্ত তাদের ইতিহাসে অভূতপূর্ব একটি গ্রীষ্মকালীন সংকট।

নেদারল্যান্ডসে জুনের ৮ দিনের তাপপ্রবাহে ৪৮০টি অতিরিক্ত মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই ৮০ বছরের বেশি বয়সী।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে এমন চরম তাপপ্রবাহ আরও ঘন ঘন দেখা দিতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠছে।