ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর একটি বিশেষ আটক কেন্দ্র থেকে ৫০ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে তাদের সীমান্তে নেওয়া হচ্ছে এবং পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হবে।
শনিবার পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই দলে ৪৪ জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন। তারা তামিলনাড়ুর সালেম জেলার আত্তুর তালুক কার্যালয় ভবনের ভেতরের বিশেষ আটক কেন্দ্রে ছিলেন।
৩ জুলাই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে তিনটি পুলিশ ভ্যানে করে তাদের তিরুচিরাপল্লীতে নেওয়া হয়। পরে সেখান থেকে হাওড়া এক্সপ্রেস ট্রেনের একটি বিশেষ বগিতে করে পশ্চিমবঙ্গের উদ্দেশে পাঠানো হয়।
সালেম আর্মড পুলিশের কর্মকর্তা শক্তিভেলের নেতৃত্বে ৪০ সদস্যের একটি সশস্ত্র দল পুরো যাত্রাপথে তাদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, তামিলনাড়ু পুলিশ এই বাংলাদেশি নাগরিকদের পশ্চিমবঙ্গের হরিদাসপুর (পেট্রাপোল) স্থল সীমান্তে বিএসএফের কাছে হস্তান্তর করবে। এরপর বিএসএফ তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করবে।
ভারতে অবৈধভাবে প্রবেশ বা অবস্থানকারী বিদেশিদের জন্য আত্তুর এলাকায় একটি বিশেষ আটক কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানে বর্তমানে আরও ১৩০ জনের বেশি বিদেশি নাগরিক বিচারাধীন বা জামিনে রয়েছেন বলেও জানানো হয়েছে।
আরো পড়ুন: