চলতি সপ্তাহেই পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা বসছে

চলতি সপ্তাহেই পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা বসছে
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬ ১০:৪৩

আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই নতুন দফার এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা এবার পাকিস্তানে আয়োজন করা হবে। শনিবার (৪ জুলাই) সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ১১ জুলাই পাকিস্তানে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার গুরুত্বপূর্ণ আলোচনা। এতে দুই দেশের চলমান উত্তেজনা প্রশমনের বিষয়ে অগ্রগতি আশা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানানো হয়েছে, বৈঠকে মূলত ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, ইরানের জব্দকৃত সম্পদ এবং দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দেশটির প্রতিনিধিদল চূড়ান্ত করা হবে।

এর আগে ১৮ জুন ইরান ও যুক্তরাষ্ট্র লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে উত্তেজনা কমাতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে। পরে ২২ জুন সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়।

এর আগের দিন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় উচ্চপর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, আলোচনায় কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং ভবিষ্যতেও আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মতি রয়েছে।