ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৩,৩৪২

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৩,৩৪২
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬ ১১:৪৬

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৬ হাজার ৭০০ জনের বেশি মানুষ। হাজার হাজার বাসিন্দা এখনো নিখোঁজ রয়েছেন।

সোমবার (৬ জুলাই) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশটির তথ্য মন্ত্রণালয় জানায়, গত মাসে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে লা গুয়াইরা অঞ্চলে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংস হয়েছে ৮৫৬টি ভবন, আর আংশিক বা সম্পূর্ণভাবে ধসে পড়েছে আরও অন্তত ১৯০টি স্থাপনা।

ভূমিকম্পের পর ৮৬ হাজারের বেশি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে এবং ১৭ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ৪ হাজারের বেশি আন্তর্জাতিক উদ্ধারকর্মী অংশ নিয়েছে।

এছাড়া স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা মিলিয়ে কয়েক হাজার কর্মী ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন। এখন পর্যন্ত বিপুল পরিমাণ খাদ্য ও পানি বিতরণ করা হয়েছে এবং হাজারো রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পের পর ৭৯টি অস্থায়ী শিবির স্থাপন করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় এক হাজার আফটারশক রেকর্ড করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের সৃষ্টি করে।