মধ্যরাতে হরমুজে ক্ষেপণাস্ত্র হামলা, ইরানের বিরুদ্ধে অভিযোগ

মধ্যরাতে হরমুজে ক্ষেপণাস্ত্র হামলা, ইরানের বিরুদ্ধে অভিযোগ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬ ১১:৫৪

হরমুজ প্রণালিতে দুটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। মার্কিন দুই কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৬ জুলাই) মধ্যরাতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ হামলা চালায়।

মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত এক্সিওস–এর প্রতিবেদনে বলা হয়, হামলায় দুটি বাণিজ্যিক জাহাজ উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে মন্তব্যের অনুরোধের পরও মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

অন্যদিকে, যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (UKMTO) জানায়, মঙ্গলবার ভোরে ওমানের লিমা উপকূল থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল পূর্বে দক্ষিণমুখী একটি ট্যাংকারের বাম পাশে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে গেলেও কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল এক অডিও রেকর্ডিংয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, চলতি সপ্তাহের শেষ দিকে আইআরজিসি সামুদ্রিক রেডিওর মাধ্যমে ওই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক করে। সেখানে বলা হয়, "নির্দেশনা অমান্য করলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়তে হতে পারে।"

হামলার শিকার হওয়া জাহাজগুলোর একটি হলো কাতারের জ্বালানি কোম্পানি নাকিলাতের মালিকানাধীন ও পরিচালিত এলএনজি ট্যাংকার আল রেকায়াত। প্রতিবেদনে বলা হয়, জাহাজটির ইঞ্জিন রুমের ওপরের অংশে প্রজেক্টাইল আঘাত হানার পর সেখানে আগুন ধরে যায় এবং ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে জাহাজে থাকা সব নাবিক নিরাপদে রয়েছেন।

ডব্লিউএসজের তথ্য অনুযায়ী, ওমান উপসাগরে হরমুজ প্রণালির প্রবেশমুখে অবস্থানকালে জাহাজটি হামলার শিকার হয়। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।