যুক্তরাষ্ট্রের হুমকি অব্যাহত থাকলে দুই দেশের মধ্যে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরু হবে না বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, ১৭ জুন স্বাক্ষরিত প্রাথমিক সমঝোতা স্মারকের প্রতি ওয়াশিংটনের প্রতিশ্রুতি রক্ষা করা প্রয়োজন।
মঙ্গলবার (৭ জুলাই) ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ-এর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আব্বাস আরাঘচি বলেন, হুমকি ও চাপের পরিবেশে কোনো অর্থবহ আলোচনা সম্ভব নয়। তিনি সমঝোতা স্মারকের ১৩ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্রকে নিজেদের দেওয়া প্রতিশ্রুতি সম্মান করতে হবে।
তিনি আরও বলেন, নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষ অংশ নিচ্ছেন এবং কোনো ধরনের চাপ বা হুমকিতে ইরান কিংবা দেশটির সশস্ত্র বাহিনী পিছু হটবে না।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাবে, নয়তো কঠোর ব্যবস্থা নেবে। তিনি ইরানের অর্থনীতি ও জ্বালানি খাতের ওপর আরও চাপ প্রয়োগেরও ইঙ্গিত দেন।
এদিকে, হরমুজ প্রণালিতে দুটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রয়টার্স জানায়, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) কোনো মন্তব্য করেনি।
অন্যদিকে, ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি) সামুদ্রিক রেডিও বার্তায় নির্ধারিত নৌপথ অনুসরণ না করা জাহাজগুলোকে সতর্ক করেছিল। তবে এসব দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট। এ অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
আরো পড়ুন: