খামেনির মরদেহ ইরাকে, নেওয়া হবে কারবালায়

খামেনির মরদেহ ইরাকে, নেওয়া হবে কারবালায়
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬ ১০:২৫

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ ইরাকে পৌঁছেছে। নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি কফিন গ্রহণ করেন। মঙ্গলবার (৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, খামেনি ও তাঁর পরিবারের কয়েকজন সদস্যের মরদেহ বহনকারী বিমান মঙ্গলবার রাতে নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

প্রেস টিভির খবরে বলা হয়েছে, বুধবার নাজাফ ও পবিত্র নগরী কারবালায় মরদেহ নেওয়া হবে এবং সেখানে জানাজার আয়োজন করা হবে। এতে লাখো ইরাকি শিয়া মুসলিম অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। আয়াতুল্লাহ খামেনিকে ইরাকের বহু শিয়া মুসলমান একজন প্রভাবশালী ধর্মীয় নেতা হিসেবে শ্রদ্ধা করতেন। এ উপলক্ষে দেশটিতে বুধবার সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।

এর আগে রোববার তেহরানের গ্র্যান্ড স্কয়ারে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন ইরানের শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী। এ সময় খামেনির পরিবারের কয়েকজন সদস্যের জানাজাও একসঙ্গে অনুষ্ঠিত হয়।

বুধবার খামেনির মরদেহ নাজাফে ইমাম আলী (আ.)-এর পবিত্র মাজার এবং কারবালায় ইমাম হুসাইন (আ.) ও হজরত আব্বাস (আ.)-এর মাজারে নেওয়া হবে। তাঁর ইচ্ছানুযায়ী আগামী ৯ জুলাই মাশহাদে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।