মার্কিন হামলার জবাবে দুই দেশে ৮৫ স্থাপনায় হামলার দাবি ইরানের

মার্কিন হামলার জবাবে দুই দেশে ৮৫ স্থাপনায় হামলার দাবি ইরানের
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬ ১২:১১

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে ৮৫টি লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বুধবার (৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, ইরানের নৌ ও বিমান বাহিনী যৌথভাবে পরিচালিত অভিযানে ৮৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তাদের দাবি, এসব হামলায় বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিসহ একাধিক গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্র ইরানের হরমোজগান ও মাহশাহর উপকূলীয় অঞ্চলে সামরিক স্থাপনা এবং কিছু বেসামরিক অবকাঠামোতে হামলা চালায় বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়। এর জবাবে এবং যুদ্ধবিরতি ও ইসলামাবাদ চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে এই সামরিক অভিযান পরিচালনার কথা জানিয়েছে আইআরজিসি।

আইআরজিসি আরও দাবি করেছে, সাম্প্রতিক মার্কিন হামলা ইরানের সাবেক সর্বোচ্চ নেতার দাফনকে কেন্দ্র করে চলমান ঘটনাপ্রবাহের সঙ্গে সম্পৃক্ত এবং ওয়াশিংটন এ ঐতিহাসিক ঘটনাকে আড়াল করার চেষ্টা করছে।

এদিকে ইরানের শীর্ষ সামরিক সমন্বয়কারী সংস্থা খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, ‘মার্কিন আগ্রাসনের’ জবাব না দিয়ে ইরান পিছিয়ে আসবে না। একই সঙ্গে হরমুজ প্রণালির বিষয়ে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপ প্রত্যাখ্যান করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারের জন্য ইরান নির্ধারিত নৌপথই নিরাপদ। পাশাপাশি সাম্প্রতিক হামলাকে দুই দেশের মধ্যে গত মাসে স্বাক্ষরিত সমঝোতার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের পরিপন্থী বলেও উল্লেখ করা হয়েছে।

তবে এসব দাবি এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।