ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি ‘শেষ’ হয়ে গেছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ তুলে তিনি বলেন, ইরানের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাওয়া এখন আর ফলপ্রসূ হবে না।
বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।
তিনি বলেন, “ইরানের সঙ্গে আমাদের যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা ইসলামাবাদ সমঝোতা স্মারকের স্পষ্ট লঙ্ঘন। বর্তমান পরিস্থিতিতে ইরানের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে আলোচনা করা সময়ের অপচয়।”
ট্রাম্প আরও দাবি করেন, ইরানের বর্তমান নেতৃত্ব আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্বশীল আচরণ করছে না। তাই ওয়াশিংটন এখন কঠোর অবস্থান বজায় রাখবে।
গত ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখার বিষয়ে সমঝোতা হয়েছিল। চুক্তি অনুযায়ী, ইরান ওই নৌপথে বাধা সৃষ্টি করবে না এবং এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করবে।
তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ, গত ৫ জুলাই হরমুজ প্রণালিতে তিনটি বিদেশি বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এরপর মঙ্গলবার ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞাও পুনর্বহাল করা হয়।
সেন্টকমের দাবি, হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
অন্যদিকে, ইরান দাবি করেছে, মার্কিন হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট ৮৫টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।
সব মিলিয়ে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। এর প্রভাব আন্তর্জাতিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক অর্থনীতিতেও পড়তে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।
আরো পড়ুন: