ইরান যদি তাকে গুপ্তহত্যার চেষ্টা করে, তাহলে দেশটির বিরুদ্ধে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, এমন পরিস্থিতি তৈরি হলে ইরানের ওপর ‘হাজার হাজার’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে এবং দেশটিকে সম্পূর্ণ ধ্বংস করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে।
শনিবার (১১ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ট্রাম্প।
পোস্টে ট্রাম্প বলেন, ইরানের দিকে তাক করে এক হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে এর পরপরই আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। তিনি দাবি করেন, বিশ্বের বিভিন্ন স্থান থেকে তার বিরুদ্ধে যেসব হুমকি এসেছে, সেগুলোর ভিত্তিতে ইরান যদি তাকে গুপ্তহত্যা করে বা হত্যার চেষ্টা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে কঠোর সামরিক জবাব দেবে।
ট্রাম্প আরও জানান, এ বিষয়ে তিনি ইতোমধ্যে মার্কিন সামরিক বাহিনীকে এক বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। পরিস্থিতি বিবেচনায় সেই সময়সীমা বাড়ানোও হতে পারে। তার ভাষ্য অনুযায়ী, প্রয়োজনে ইরানের যেকোনো স্থানে সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্র প্রস্তুত।
অন্যদিকে ট্রাম্পের বক্তব্যের জবাবে ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না।
গালিবাফ বলেন, ইরান সবসময় নিজের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্র যেকোনো সময় সমঝোতা থেকে সরে দাঁড়াতে পারে—এমন আশঙ্কা বিবেচনায় রেখেই প্রতিরক্ষা প্রস্তুতি অব্যাহত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, যুদ্ধের অবসান আন্তর্জাতিক সম্প্রদায়ের অগ্রাধিকার হওয়া উচিত। তবে ইরানের আত্মসমর্পণের মাধ্যমে এ সংঘাতের সমাধান হবে—এমন ধারণা বাস্তবসম্মত নয়।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে। নিরাপত্তা, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক বক্তব্য-পাল্টা বক্তব্য অব্যাহত রয়েছে।
আরো পড়ুন: