পুনেতে বর্জ্যের স্তূপ ধসে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে নিহত ৯ শ্রমিক

পুনেতে বর্জ্যের স্তূপ ধসে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে নিহত ৯ শ্রমিক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬ ১৪:৩৭

আপডেট: ১৩ জুলাই, ২০২৬ ১৭:১০

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরের উপকণ্ঠে একটি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন (ওয়েস্ট-টু-এনার্জি) কেন্দ্রে বর্জ্যের বিশাল স্তূপ ধসে অন্তত ৯ শ্রমিক নিহত হয়েছেন। টানা ভারী বৃষ্টির কারণে পাশের ল্যান্ডফিলের বর্জ্য ধসে প্রশাসনিক ভবনের ওপর পড়ে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার (১৩ জুলাই) কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে। এএফপির বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাটি গত বুধবার পুনের উপকণ্ঠে অবস্থিত অ্যান্টনি ওয়েস্ট প্ল্যান্টে ঘটে।

প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়, টানা বর্ষণের কারণে পাশের ল্যান্ডফিলে জমে থাকা কয়েক হাজার টন বর্জ্য অস্থিতিশীল হয়ে পড়ে। পরে সেটি ধসে প্রশাসনিক ভবনের ওপর আছড়ে পড়ে, এতে ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার সময় ভবনের ভেতরে ২৩ জন কর্মী অবস্থান করছিলেন। তাদের মধ্যে ৯ জন নিহত হন এবং ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কেন্দ্রটির কর্মকর্তারা জানান, ভারী বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের কাছে পৌঁছাতে উদ্ধারকর্মীদের দীর্ঘ সময় কাজ করতে হয়েছে।

ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে কেন্দ্রটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কাঠামোগত নিরাপত্তা মূল্যায়ন সম্পন্ন হওয়ার পরই পুনরায় কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ভারতে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে ভারী বৃষ্টির কারণে ভবন ধস, ভূমিধস ও নির্মাণসংক্রান্ত দুর্ঘটনা প্রায়ই ঘটে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশটিতে চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ও তীব্র হচ্ছে।

এদিকে আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, চলতি বছরে সম্ভাব্য শক্তিশালী এল নিনো ভারতের স্বাভাবিক আবহাওয়ার ধরণে আরও বড় ধরনের পরিবর্তন আনতে পারে।