সৌদির বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

সৌদির বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬ ১২:১২

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এ পাল্টা হামলার ঘটনা ঘটে, যা সৌদি-হুথি উত্তেজনাকে নতুন করে উসকে দিয়েছে।

জানা গেছে, ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকানুষ্ঠানে অংশ নিতে হুথি বিদ্রোহীদের একটি প্রতিনিধি দল তেহরানে গিয়েছিল। ফেরার পথে তারা সানা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর আগেই সেখানে ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হলে প্রতিনিধিদল বহনকারী উড়োজাহাজটি যাত্রাপথ পরিবর্তন করে হোদেইদা বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়।

পরে ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকার সানা বিমানবন্দরে হামলার দায় স্বীকার করে। এর কয়েক ঘণ্টা পরই সৌদির আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানোর ঘোষণা দেয় হুথি বিদ্রোহীরা।

হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিওবার্তায় বলেন, “সৌদির আগ্রাসনের জবাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী আবহা আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে সামরিক অভিযান পরিচালনা করেছে। এতে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করা হয়েছে।”

অন্যদিকে ইয়েমেনে অভিযানরত সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুরকি আল-মালিকি জানিয়েছেন, হুথিদের ছোড়া কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে।

২০১৫ সালে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর দেশটির তৎকালীন প্রেসিডেন্ট আব্দরাব্বুহ মনসুর হাদি সৌদি আরবে আশ্রয় নেন। এরপর থেকেই হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।

বর্তমানে ইয়েমেন কার্যত বিভক্ত। দেশের একটি অংশ নিয়ন্ত্রণ করছে হুথি বিদ্রোহীরা, আর অন্য অংশ পরিচালনা করছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।

২০২২ সালে সৌদি আরব ও হুথিদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও সাম্প্রতিক এ হামলার মধ্য দিয়ে সেই সমঝোতা কার্যত ভেঙে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তবে ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশেদ আল আলিমি জানিয়েছেন, তিনি সৌদি আরবের সঙ্গে উত্তেজনা আরও বাড়াতে আগ্রহী নন।