ইরানের বুশেহর ও বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্রের নতুন হামলা

ইরানের বুশেহর ও বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্রের নতুন হামলা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬ ১৮:২২

আপডেট: ১৪ জুলাই, ২০২৬ ১৮:২৪

ইরানের বিভিন্ন স্থানে টানা সামরিক অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ মঙ্গলবার (১৪ জুলাই) দেশটির বন্দর আব্বাস ও বুশেহর শহরে নতুন করে হামলার খবর পাওয়া গেছে। বিশেষ করে বুশেহরে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক অবকাঠামো থাকায় এ হামলাকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বুশেহরের অন্তত চারটি স্থানে হামলা হয়েছে। অন্যদিকে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরান ৬০ দিনের জন্য সব ধরনের হামলা বন্ধ রাখার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে সই করেছিল। তবে সাম্প্রতিক উত্তেজনার জেরে সেই সমঝোতা কার্যত ভেঙে পড়েছে। টানা তিন দিন ধরে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে।

ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার রাতের হামলায় হরমুজগান প্রদেশে একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন।

নিহতদের স্বজন রাঙ্গের হাসানজাদেহ জানান, হামলার সময় তিনি বাড়ির বাইরে ছিলেন। তবে তার দুই ছেলে ও এক পুত্রবধূ ঘরে অবস্থান করছিলেন। হামলায় তারা তিনজনই নিহত হন।

হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারেও এর প্রভাব পড়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ৭ দশমিক ২৯ ডলার বা ৯ দশমিক ৫৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৩ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে।

একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬ দশমিক ৭৩ ডলার বা ৯ দশমিক ৪২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৮ দশমিক ১৪ ডলারে দাঁড়িয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর পর হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বিদেশি জাহাজের ওপর অবরোধ আরোপ করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এর জবাবে ৭ এপ্রিল ইরানের বন্দরগুলোকে লক্ষ্য করে পাল্টা অবরোধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

এরপর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে এবং এর প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে।