পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬ ১১:২৭

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে দায়িত্ব নেওয়ার মাত্র এক বছর পর পদত্যাগ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো। মঙ্গলবার (১৪ জুলাই) দেশটির পার্লামেন্ট তার পদত্যাগপত্র অনুমোদন করলে সাংবিধানিক বিধান অনুযায়ী পুরো মন্ত্রিসভাও পদত্যাগ করে।

পদত্যাগের পর দেওয়া বিদায়ী ভাষণে সিভিরিদেঙ্কো বলেন, “এই বছরের প্রতিটি দিনই কঠিন সিদ্ধান্ত ও দৃঢ় পদক্ষেপের দাবি রেখেছিল। আমি যে আস্থা ও সমর্থন পেয়েছি, তার জন্য গভীরভাবে কৃতজ্ঞ। সবসময় ফলাফলকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি।”

ইউক্রেনের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি নাফতোগাজের প্রধান সের্হি কোরেতস্কি নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী ডেনিস শমিহাল এবং বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভের নামও সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছে।

রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের মধ্যে ইউক্রেনের প্রধানমন্ত্রী দেশের অর্থনীতি সচল রাখা, অভ্যন্তরীণ প্রশাসন পরিচালনা এবং রুশ হামলায় ক্ষতিগ্রস্ত বেসামরিক অবকাঠামো পুনর্গঠনের দায়িত্ব পালন করে থাকেন।

বিদায়ী বক্তব্যে সিভিরিদেঙ্কো বলেন, নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আসন্ন শীত মৌসুমের প্রস্তুতি। কারণ শীতকালে ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ও গ্যাস অবকাঠামোর ওপর রাশিয়ার হামলার ঝুঁকি আরও বাড়তে পারে।

এক বছর আগে উচ্চপর্যায়ের দুর্নীতির অভিযোগের পর সরকারে পরিবর্তনের অংশ হিসেবে সিভিরিদেঙ্কোকে প্রধানমন্ত্রী করা হয়েছিল। তবে দুর্নীতি দমন ও প্রশাসনিক সংস্কারে প্রত্যাশিত অগ্রগতি দেখাতে না পারায় তিনি সমালোচনার মুখে পড়েন।

এর আগে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছিলেন, নতুন রাজনৈতিক বাস্তবতায় ইউক্রেনের সরকারে ‘নতুন মুখ’ প্রয়োজন। যদিও মন্ত্রিসভায় পরিবর্তনের পেছনে নির্দিষ্ট কোনো কারণ তিনি প্রকাশ করেননি।