প্রথমবার নিউজিল্যান্ডে এইচ৫ বার্ড ফ্লু শনাক্ত

প্রথমবার নিউজিল্যান্ডে এইচ৫ বার্ড ফ্লু শনাক্ত
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬ ১৩:৪০

নিউজিল্যান্ডে প্রথমবারের মতো এইচ৫ বার্ড ফ্লু (H5 Avian Influenza) শনাক্ত হয়েছে। রাজধানী ওয়েলিংটনের একটি সৈকতে পাওয়া একটি পরিযায়ী সামুদ্রিক পাখির শরীরে ভাইরাসটির উপস্থিতি মিলেছে বলে বুধবার (১৫ জুলাই) দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

দেশটির জৈব নিরাপত্তা মন্ত্রী অ্যান্ড্রু হগার্ড জানান, ওয়েলিংটনের পেটোন সৈকতে একটি মৃত বাদামি স্কুয়া (Brown Skua) সামুদ্রিক পাখি উদ্ধার করা হয়। পরীক্ষার পর ওই পাখির শরীরে এইচ৫ বার্ড ফ্লু শনাক্ত হয়। এ ঘটনার পর জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সরকার।

মন্ত্রী বলেন, এখন পর্যন্ত বন্য পাখিদের মধ্যে ভাইরাসটির ব্যাপক সংক্রমণ বা অস্বাভাবিক হারে পাখি মৃত্যুর কোনো প্রমাণ পাওয়া যায়নি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিশ্বজুড়ে এইচ৫ বার্ড ফ্লু গৃহপালিত ও বন্য পাখির মধ্যে ব্যাপক সংক্রমণ এবং মৃত্যুর কারণ হয়েছে। সাম্প্রতিক সময়ে প্রতিবেশী অস্ট্রেলিয়াতেও প্রথমবারের মতো এই ভাইরাস শনাক্ত হয়। গত জুনে দেশটিতে প্রথম সংক্রমণ ধরা পড়ে এবং এরপর ১৪টি সংক্রমণের ঘটনা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ।

সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিউজিল্যান্ড সরকার দেশটির সবচেয়ে বিপন্ন পাঁচটি পাখির প্রজাতি—কাকাপো, তাকাহে, শোর প্লোভার, ব্ল্যাক স্টিল্ট এবং অরেঞ্জ-ফ্রন্টেড প্যারাকিট—রক্ষায় প্রজননকারী পাখিদের টিকাদান কর্মসূচি শুরু করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, মানুষের বসতি স্থাপনের আগে নিউজিল্যান্ডে কোনো স্থল স্তন্যপায়ী প্রাণী ছিল না। ফলে দেশটির অনেক অনন্য পাখি, যেমন কিউই, উড়তে সক্ষম নয় এবং তারা সংক্রামক রোগের ঝুঁকিতে তুলনামূলক বেশি।

এদিকে কর্তৃপক্ষ জনগণকে কোথাও তিনটি বা তার বেশি অসুস্থ বা মৃত পাখি একসঙ্গে দেখা গেলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ জানিয়েছে।