ভূমধ্যসাগরে লিবিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে ৬০ জন যাত্রীর মধ্যে অন্তত ৫০ জন নিখোঁজ হয়েছেন। দুর্ঘটনায় প্রাণে বেঁচে নিকটবর্তী একটি দ্বীপে পৌঁছাতে সক্ষম হয়েছেন মাত্র ১০ জন।
পূর্ব লিবিয়ার উপকূলীয় শহর তোব্রুকের কাছে মঙ্গলবার (১৪ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কোস্ট গার্ড জানিয়েছে, ৬০ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ইতালির উদ্দেশে যাত্রা শুরু করেছিল। উপকূল ছাড়ার কিছুক্ষণের মধ্যেই নৌকাটি ডুবে যায়।
দুর্ঘটনার পর অধিকাংশ যাত্রী সাগরের প্রবল স্রোতে ভেসে যান। মাত্র ১০ জন সাঁতরে নিকটবর্তী বারদা দ্বীপে পৌঁছাতে সক্ষম হন। পরে কোস্ট গার্ড তাদের জীবিত উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।
সাম্প্রতিক মাসগুলোতে লিবিয়ার উপকূল থেকে ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবির ঘটনায় এটি সর্বশেষ বড় দুর্ঘটনা। এর আগে গত মাসেও একই উপকূলে একটি নৌকা ডুবে অন্তত ৫১ জন নিখোঁজ হন।
গত এক দশকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে অনিয়মিতভাবে পৌঁছানোর চেষ্টা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতা, দারিদ্র্য ও সংঘাত থেকে পালিয়ে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার হাজারো মানুষ মানবপাচারকারীদের সহায়তায় এই ঝুঁকিপূর্ণ পথে যাত্রা করেন। ফলে লিবিয়ার উপকূল মানবপাচার চক্রের অন্যতম প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে।
জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত লিবিয়ার উপকূলে সাগরপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ৮০০-র বেশি অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন।
আরো পড়ুন: