কানাডার দাবানলের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ টরন্টো, দূষণের প্রভাব যুক্তরাষ্ট্রেও

কানাডার দাবানলের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ টরন্টো, দূষণের প্রভাব যুক্তরাষ্ট্রেও
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬ ১৩:১৮

আপডেট: ১৬ জুলাই, ২০২৬ ১৬:১৭

কানাডার উত্তর-পশ্চিমাঞ্চল ও অন্টারিওর ভয়াবহ দাবানলের ধোঁয়ায় দেশটির সবচেয়ে বড় শহর টরন্টোর বাতাস মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। দাবানলের ধোঁয়ার প্রভাব ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলেও।

পরিস্থিতি বিবেচনায় দুই দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ জনগণকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার এবং ভারী শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার পরিবেশ বিভাগ টরন্টোর বায়ুমানের স্বাস্থ্য সূচককে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ পর্যায়ে দেখিয়েছে। ধোঁয়ায় ঢেকে গেছে শহরের আকাশ। পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

দাবানলের ধোঁয়া ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরেও পৌঁছেছে। সেখানে বাতাসের মান অস্বাস্থ্যকর হয়ে পড়ায় স্থানীয় প্রশাসন বাসিন্দাদের সতর্ক করেছে।

বায়ুমানের তথ্য বিশ্লেষণকারী আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠানের তালিকায় বুধবার (১৫ জুলাই) বিশ্বের বড় শহরগুলোর মধ্যে সবচেয়ে দূষিত বাতাসের শহরগুলোর একটি ছিল টরন্টো। তালিকায় নিউইয়র্কও ছিল দূষণের শীর্ষে থাকা শহরগুলোর মধ্যে।

কানাডা সরকারের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত দেশটিতে ৮৩৫টি দাবানল সক্রিয় ছিল। এর মধ্যে ১১২টি এখনো নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। দাবানলে প্রায় ১৯ লাখ হেক্টর বনভূমি পুড়ে গেছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যানিটোবা, সাসকাচুয়ান ও অন্টারিও প্রদেশ।

দাবানলের কারণে অন্টারিওর একটি এলাকায় রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া টরন্টোতে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আয়োজিত দর্শক উৎসবও বাতিল করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, তীব্র গরমের সঙ্গে দাবানলের ধোঁয়া যুক্ত হয়ে মানুষের স্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে এ ধরনের দাবানল আরও ঘন ঘন ও তীব্র হতে পারে বলেও সতর্ক করেছেন তারা।