গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১৪

গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১৪
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬ ১১:০৬

ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার এলাকায় একটি জানাজায় অংশ নিতে জড়ো হওয়া মানুষ ছিলেন। শনিবার (১৮ জুলাই) এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রতিবেদনে বলা হয়, আল-বালাতা বাজার এলাকায় দিনের শুরুতে পৃথক এক হামলায় নিহত এক ফিলিস্তিনির জানাজা অনুষ্ঠিত হওয়ার অপেক্ষায় আহমদ ইয়াসিন মসজিদের বাইরে মুসল্লিরা জড়ো হয়েছিলেন। এ সময় সেখানে একটি ড্রোন হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। ওই হামলায় অন্তত আটজন নিহত হন।

বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, ইসরায়েলি সামরিক বাহিনী ওই হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, মধ্য গাজায় একটি ‘সন্ত্রাসী গোষ্ঠীকে’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলায় বেসামরিক লোকজন আহত হওয়ার যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে তারা অবগত এবং ঘটনাটির ফলাফল পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে।

গাজার অন্যান্য এলাকাতেও পৃথক হামলায় আরও কয়েকজন নিহত হয়েছেন। তবে এসব হামলার বিস্তারিত তথ্য এবং হতাহতের পূর্ণাঙ্গ সংখ্যা নিয়ে এখনও বিভিন্ন সূত্রে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।