তুরস্কের পূর্বাঞ্চলীয় মালটিয়া প্রদেশে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৮ জুলাই) ভোরে হওয়া এ ভূমিকম্পের তথ্য জানিয়েছে দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ)।
আফাদের তথ্যমতে, স্থানীয় সময় ভোর ৬টা ২০ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল মালটিয়া প্রদেশের বাত্তালগাজি জেলা। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৫ দশমিক ৫৯ কিলোমিটার।
ভূমিকম্পের কম্পন মালটিয়ার পাশাপাশি আশপাশের এলাজিগ, আদিয়ামান, তুনজেলি ও সানলিউরফা প্রদেশেও অনুভূত হয়েছে।
তবে ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে আফাদ।
তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, বাত্তালগাজিতে ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো নেতিবাচক পরিস্থিতি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
উল্লেখ্য, তুরস্ক ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। বিশেষ করে ২০২৩ সালের ভয়াবহ ভূমিকম্পের পর দেশটিতে ভূমিকম্পের প্রস্তুতি ও জরুরি ব্যবস্থাপনার ওপর বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরো পড়ুন: