চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিং প্রদেশের পেংশুই জেলায় ভয়াবহ ভূমিধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে পেংশুই জেলার একটি এলাকায় এ ভূমিধসের ঘটনা ঘটে। জেলা প্রশাসনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেন জুজিয়াং জানান, ঘটনার পরপরই উদ্ধারকারী দল কাজ শুরু করে।
তিনি বলেন, বর্তমানে প্রায় ৮০০ উদ্ধারকর্মী ঘটনাস্থলে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান চালাচ্ছেন। এ পর্যন্ত ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভূমিধসের ঘটনাস্থলটি একটি পাহাড়ের পাদদেশে অবস্থিত আবাসিক ও বাণিজ্যিক এলাকার কাছাকাছি। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সড়কের একটি বড় অংশ মাটি ও পাথরের স্তূপে ঢেকে গেছে।
ঘটনার পর পুরো এলাকা ধুলোর মেঘে আচ্ছন্ন হয়ে পড়ে। প্রকাশিত ফুটেজে দেখা যায়, আতঙ্কিত মানুষজন নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করছেন।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিধসের স্থানটি খাড়া ও ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকার মধ্যে অবস্থিত। সেখানে এখনও নতুন করে ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করা হয়েছে।
উদ্ধার অভিযান, ত্রাণ ও চিকিৎসা সহায়তার জন্য চীনের কেন্দ্রীয় সরকার ৫ কোটি ইউয়ান (প্রায় ৭৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার) বরাদ্দ করেছে বলে জানিয়েছে সিসিটিভি।
এর আগে, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলেও ভূমিধসের ঘটনায় ২১ জন নিহত হয়েছিলেন। ওই ঘটনায় ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল।
আরো পড়ুন: