টানা অষ্টম দিনের মতো ইরানে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একাধিক এলাকা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। এর পরপরই কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও খুজেস্তান প্রদেশের বিভিন্ন স্থানে একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
রোববার (১৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি প্রাদেশিক নিরাপত্তাবিষয়ক ডেপুটি গভর্নরের বরাতে জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের শাদেগান শহরের কাছে একটি স্থানে মার্কিন যুদ্ধবিমান হামলা চালিয়েছে। হামলার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতি নিরূপণ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
এদিকে তাসনিমের খবরে বলা হয়েছে, ইরানের কেশম দ্বীপের উপকূলবর্তী বিভিন্ন এলাকায় অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
দ্বীপে অবস্থানরত এক সংবাদদাতার বরাতে জানানো হয়, নিরাপত্তা বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। সম্ভাব্য হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণও প্রকাশ করা হয়নি।
এর আগে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাস এবং এর কাছাকাছি কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, বন্দর আব্বাসের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অন্যদিকে, প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে তাসনিম জানিয়েছে, বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও তা ক্ষেপণাস্ত্র হামলা বা মার্কিন বিমান হামলার ফল কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সময় ভোর ৩টা ৩৮ মিনিটের দিকে কেশম দ্বীপের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে তাসনিম। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্বীপের একাধিক স্থানে হামলা হয়েছে।
আরো পড়ুন: