মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে অবৈধ অভিবাসনবিরোধী বিশেষ অভিযানে চলতি বছরের প্রথম ছয় মাসে ৭৩ জন বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী।
দেশটির জেনারেল অপারেশনস ফোর্স (জিওএফ) সাউথইস্ট ব্রিগেড পরিচালিত ‘অপ টারিং ওয়াবাসান কেলান্তান’ অভিযানে মোট ৬৪১ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।
মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিভিন্ন অভিযানে এসব ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন মিয়ানমারের নাগরিক—৪২৮ জন।
এ ছাড়া আটক ব্যক্তিদের মধ্যে ৭৩ জন বাংলাদেশি, ৩৯ জন ইন্দোনেশীয়, ৩৮ জন থাই, ২১ জন চীনা, ১৯ জন ভারতীয়, ১৬ জন নেপালি, চারজন ভিয়েতনামী, দুজন পাকিস্তানি এবং একজন নাইজেরিয়ান নাগরিক রয়েছেন।
সীমান্ত নিরাপত্তা বিষয়ে জিওএফ সাউথইস্ট ব্রিগেডের কমান্ডার আহমদ রাজজি হোসেন বলেন, উচ্চ ঝুঁকিপূর্ণ সীমান্ত পথ দিয়ে অবৈধ প্রবেশ ঠেকাতে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, পাচারকারী চক্রগুলো ছোট ছোট দলে অভিবাসীদের সীমান্ত পার করার চেষ্টা করলেও বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। দুই থেকে তিনজনের ছোট দলে চলাচল করলেও অনুপ্রবেশকারীদের শনাক্ত ও আটক করার সক্ষমতা রয়েছে তাদের।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরো পড়ুন: