ইরানে ৫ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২০ জুলাই) সকালে দেশটির পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশের কুজারান এলাকায় এই ভূমিকম্প আঘাত হানে।
ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনার বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তেহরান বিশ্ববিদ্যালয়ের ইরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৮ কিলোমিটার গভীরে।
স্থানীয় সময় সকাল ৭টা ১৩ মিনিটে অনুভূত হওয়া এই কম্পনের উপকেন্দ্র ছিল কুজারান এলাকা থেকে ১৭ কিলোমিটার এবং প্রাদেশিক রাজধানী কেরমানশাহ শহর থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে।
এর একদিন আগেও ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের সারান্দ এলাকায় ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। রোববারের ওই কম্পনের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের কারণে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
বিশেষজ্ঞদের মতে, আরবীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষস্থলে অবস্থানের কারণে ইরান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। এসব প্লেটের ক্রমাগত নড়াচড়ার কারণে দেশটিতে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।
ইরানের খুজেস্তান, কেরমানশাহ ও হরমোজগানসহ পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলো ভূমিকম্পের ঝুঁকিতে থাকা অঞ্চলগুলোর মধ্যে অন্যতম।
অগভীর গভীরতায় সৃষ্ট ভূমিকম্প তুলনামূলক বেশি ক্ষয়ক্ষতির কারণ হতে পারে, কারণ এ ধরনের কম্পন ভূপৃষ্ঠে বেশি শক্তিশালীভাবে অনুভূত হয়।
আরো পড়ুন: