সৌদির বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা হুথিদের, শঙ্কায় বৈশ্বিক জ্বালানি বাজার

সৌদির বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা হুথিদের, শঙ্কায় বৈশ্বিক জ্বালানি বাজার
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬ ১০:১৯

আপডেট: ২১ জুলাই, ২০২৬ ১০:২৫

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সামুদ্রিক বা নৌ অবরোধ কার্যকরের ঘোষণা দিয়েছে। এই পদক্ষেপে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

হুথি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের ওপর সৌদি আরবের দীর্ঘদিনের অবরোধের জবাবে ‘চোখের বদলে চোখ’ নীতির ভিত্তিতে সৌদির বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর করা হচ্ছে। তাদের দাবি, এটি সৌদি আরবের পদক্ষেপের পাল্টা প্রতিক্রিয়া।

ঘোষণার পরপরই সৌদি আরবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিশ্লেষকদের আশঙ্কা, লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মানদেব প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হলে এশিয়ার বাজারে সৌদির তেল রপ্তানি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এই গুরুত্বপূর্ণ নৌপথে অচলাবস্থা সৃষ্টি হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হতে পারে। এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানির দাম, শিপিং খরচ এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর।

ওয়াশিংটনভিত্তিক ঝুঁকি বিশ্লেষণ প্রতিষ্ঠান বাশা রিপোর্ট-এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলবাশা বলেন, হুথিরা সৌদি-গামী জাহাজে সরাসরি হামলা চালাবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে এমন ঘোষণা নিজেই নৌপরিবহন খাতে বড় ধরনের অনিশ্চয়তা সৃষ্টি করবে এবং সৌদি বন্দরে জাহাজ চলাচল ব্যাহত হতে পারে।

সম্প্রতি নিজেদের নিয়ন্ত্রিত একটি বিমানবন্দরে সৌদি হামলার অভিযোগ তোলে হুথি গোষ্ঠী। এর জবাবে তারা সৌদি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে। এসব ঘটনার পর কয়েক বছর ধরে বহাল থাকা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

বর্তমান পরিস্থিতিতে হুথিদের নতুন নৌ অবরোধের ঘোষণাকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি নতুন ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে।