যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যে নতুন সংকট, ৫০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যে নতুন সংকট, ৫০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬ ১৩:০১

কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডার বাজারে যুক্তরাষ্ট্রের তৈরি পণ্য বৈষম্যের শিকার হচ্ছে— এমন অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ১৯৩০ সালের শুল্ক আইনের ৩৩৮ নম্বর ধারা অনুযায়ী এই শুল্ক আরোপ করা হয়েছে। ওই ধারায় কোনো দেশের বাজারে মার্কিন পণ্য বৈষম্যের শিকার হলে প্রেসিডেন্টের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে।

আগামী ৩০ দিনের মধ্যে নতুন এই শুল্ক কার্যকর হবে।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের দপ্তর জানিয়েছে, কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা প্রায় ২ হাজার কোটি ডলারের পণ্যে এই শুল্ক কার্যকর হবে।

শুল্কের আওতায় আসতে পারে কানাডার দুগ্ধজাত পণ্য, আসবাবপত্র, মাছ ধরার সরঞ্জাম, গাছপালা ও সবজির বীজ, পোশাক, পরচুলাসহ বিভিন্ন পণ্য।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, যুক্তরাষ্ট্র ন্যায্য ও ভারসাম্যপূর্ণ বাণিজ্য নিশ্চিত করতে কাজ করছে। তবে কানাডা মার্কিন পণ্যের ক্ষেত্রে বৈষম্যমূলক নীতি গ্রহণ করেছে বলে অভিযোগ করেন তিনি।

তার দাবি, জাতীয় ও স্পর্শকাতর নিরাপত্তার অজুহাত দেখিয়ে কানাডা মার্কিন শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য কঠোর নীতি গ্রহণ করেছে।

যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্যের পরিমাণ অনেক বড়। মার্কিন কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কানাডা থেকে প্রায় ৩৮ হাজার ২০০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র।

বিশ্লেষকদের মতে, নতুন এই শুল্ক কার্যকর হলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে চাপ বাড়তে পারে। পাশাপাশি ভোক্তা পর্যায়েও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।