ডেঙ্গু প্রতিরোধে বড় অগ্রগতি অর্জন করেছে ভারত। দেশটিতে প্রথমবারের মতো ডেঙ্গুর টিকা ‘কিউডেঙ্গা’ (QDENGA) বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল (ডিসিজিআই)। ৪ থেকে ৬০ বছর বয়সীদের জন্য নির্ধারিত এই টিকা ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম বলে জানিয়েছে প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
তাকেদা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস।
প্রতিবেদন অনুযায়ী, তিন মাসের ব্যবধানে দুই ডোজ নিতে হবে। প্রস্তুতকারী প্রতিষ্ঠানের দাবি, আগে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে থাকুক বা না থাকুক—এই টিকা নেওয়া যাবে। এছাড়া টিকা দেওয়ার আগে ডেঙ্গু সংক্রমণ হয়েছে কি না, তা নিশ্চিত করতে কোনো প্রি-ভ্যাকসিনেশন স্ক্রিনিংয়েরও প্রয়োজন হবে না।
তাকেদার বৈশ্বিক ক্লিনিক্যাল উন্নয়ন কর্মসূচির তথ্য অনুযায়ী, দ্বিতীয় ডোজ নেওয়ার ১২ মাস পর পরীক্ষাগারে নিশ্চিত ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে টিকাটির কার্যকারিতা ছিল ৮০ দশমিক ২ শতাংশ।
এছাড়া ডেঙ্গুজনিত কারণে হাসপাতালে ভর্তি প্রতিরোধে ১৮ মাস পর এর কার্যকারিতা পাওয়া গেছে ৯০ দশমিক ৪ শতাংশ।
সাড়ে চার বছরের ফলোআপ বিশ্লেষণে হাসপাতালে ভর্তি প্রতিরোধে কার্যকারিতা ছিল ৮৪ দশমিক ১ শতাংশ। সাত বছরের পর্যবেক্ষণেও ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপের বিরুদ্ধেই দীর্ঘমেয়াদি সুরক্ষার তথ্য পাওয়া গেছে।
ভারতে অনুমোদনের আগে তাকেদার বৈশ্বিক গবেষণা কর্মসূচির আওতায় ফেজ-১, ফেজ-২ ও ফেজ-৩ মিলিয়ে ১৯টি ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালিত হয়। এতে ডেঙ্গুপ্রবণ ও অপ্রবণ অঞ্চলের ২৮ হাজারের বেশি মানুষ অংশ নেন।
এছাড়া ফেজ-৩ ট্রায়ালে ডেঙ্গুপ্রবণ আটটি দেশের ২০ হাজারের বেশি অংশগ্রহণকারী যুক্ত ছিলেন।
তাকেদার তথ্য অনুযায়ী, কিউডেঙ্গা ইতোমধ্যে এশিয়া, ইউরোপ ও লাতিন আমেরিকার ৪৩টি দেশে অনুমোদন পেয়েছে।
সরকারি ও বেসরকারি টিকাদান কর্মসূচির মাধ্যমে এ পর্যন্ত ৩ কোটি ২০ লাখের বেশি ডোজ বিতরণ করা হয়েছে।
আরো পড়ুন: