মোদির বাসভবনের সামনে রাহুল-প্রিয়াঙ্কার বিক্ষোভ, উত্তাল দিল্লি রাজনীতি

মোদির বাসভবনের সামনে রাহুল-প্রিয়াঙ্কার বিক্ষোভ, উত্তাল দিল্লি রাজনীতি
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬ ১৮:০৬

শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন-পীড়নের অভিযোগ এবং পরীক্ষা-সংকট নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জোরদার করেছে কংগ্রেস। এরই অংশ হিসেবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং দলীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (২১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে সংসদ অভিমুখে পদযাত্রার একদিন পর কেন্দ্রের ওপর চাপ বাড়াতে এই কর্মসূচি পালন করেন বিরোধী নেতারা।

এর আগে দিল্লিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতার সমালোচনা করেন রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের ওপর যে আচরণ করা হয়েছে, তার জন্য প্রধানমন্ত্রীর জবাব দেওয়া প্রয়োজন।

রাহুল গান্ধী বলেন, “প্রধানমন্ত্রী কেন নীরব? পুলিশের হাতে মার খাওয়া শিক্ষার্থীদের কাছে তিনি ক্ষমাও চাননি। তাঁর উচিত বিষয়টি নিয়ে কথা বলা এবং এই অযৌক্তিকতা বন্ধ করা।”

এদিকে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী দিল্লির আরএমএল হাসপাতালে গিয়ে আহত বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করেছেন।

এর আগে সংসদ অধিবেশনের শুরুতে লোকসভার স্পিকার ওম বিরলার সঙ্গে সাক্ষাৎ করেন রাহুল গান্ধী। এ সময় তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ এবং পরীক্ষা-সংকট নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার দাবি জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল বলেন, শিক্ষার্থীদের ওপর চালানো নৃশংসতা এবং সরকারের জবাবদিহির অভাব নিয়ে সংসদে আলোচনা হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, “সংসদ যদি ভারতের যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে না পারে, তাহলে এর উদ্দেশ্য কী?”

রাহুল গান্ধী দাবি করেন, ভবিষ্যৎ নিয়ে ন্যায্য প্রশ্ন তোলার কারণে শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। তিনি বলেন, বিরোধী দল শিক্ষার্থীদের পক্ষে আন্দোলন চালিয়ে যাবে এবং বিষয়টি চাপা পড়তে দেবে না।