লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বিদ্রোহী গোষ্ঠীটির দাবি, ‘এনসেলিয়া’ ও ‘লায়লা’ নামের দুটি ট্যাংকারে চালানো ওই হামলায় জাহাজ দুটিতে আগুন ধরে যায়।
হামলার পর হুতিরা জানায়, দীর্ঘদিন ধরে সৌদি আরব ইয়েমেনের ওপর অবরোধ আরোপ করে রেখেছে। এর জবাবে তারা এখন সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ কার্যকর করার ঘোষণা দিয়েছে।
তবে হামলার বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (UKMTO)। সংস্থাটি জানিয়েছে, সৌদি উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে এবং এতে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে ক্রুদের হতাহত হওয়ার বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
এর আগে চলতি সপ্তাহে হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধের ঘোষণা দেয়। তারা সতর্ক করে জানায়, লোহিত সাগরের গুরুত্বপূর্ণ জলপথ বাব এল-মান্দেব প্রণালী দিয়ে সৌদি আরবের কোনো জাহাজ প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করলে তা লক্ষ্য করে হামলা চালানো হবে।
আরো পড়ুন: