কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর দাবি আইআরজিসির

কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর দাবি আইআরজিসির
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬ ১২:৪৩

কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে এই হামলা কুয়েতের জনগণকে লক্ষ্য করে নয়, বরং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ বলে দাবি করেছে সংগঠনটি।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিতে হামলা চালিয়ে একটি বড় সামরিক সরঞ্জাম গুদাম, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং মার্কিন এমকিউ-৯ ড্রোনের একটি হ্যাঙ্গার ধ্বংস করা হয়েছে।

এ ছাড়া আল-আদিরি ব্যারাকে অবস্থানরত মার্কিন সেনাদের আবাসন এবং দুটি হেলিকপ্টার হ্যাঙ্গারেও হামলার দাবি করেছে আইআরজিসি। তাদের দাবি, এসব হামলায় হতাহতের ঘটনা ঘটেছে এবং সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে।

আইআরজিসি আরও দাবি করেছে, ইরানে যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ অবকাঠামোয় হামলার জবাবে তারা একটি টেলিযোগাযোগ টাওয়ারকে লক্ষ্যবস্তু করেছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

এক নিরাপত্তা সতর্কবার্তায় মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখনো জটিল এবং যেকোনো সময় পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বাইরেও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্থাপনা, নাগরিক, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে হামলার চেষ্টা হতে পারে।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরতদের সম্ভাব্য ফ্লাইট বাতিল, বিলম্ব এবং অন্যান্য ভ্রমণ-সংক্রান্ত সমস্যার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

তবে আইআরজিসির হামলার দাবির বিষয়ে কুয়েত বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।