বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬ ১৩:০২

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

সর্বশেষ নিরাপত্তা সতর্কবার্তায় মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল এবং যেকোনো সময় অপ্রত্যাশিতভাবে উত্তেজনা আরও বাড়তে পারে।

সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বাইরেও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্থাপনা, নাগরিক ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সম্ভাব্য হামলার ঝুঁকিতে থাকতে পারে।

পররাষ্ট্র দপ্তরের আশঙ্কা, ইরান ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন নাগরিক, ব্যবসাপ্রতিষ্ঠান, কূটনৈতিক স্থাপনা এবং অন্যান্য মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টা করতে পারে।

মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সম্ভাব্য ফ্লাইট বাতিল, বিলম্ব এবং অন্যান্য ভ্রমণ-সংক্রান্ত সমস্যার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদের ওই অঞ্চলে ভ্রমণ বা মধ্যপ্রাচ্য হয়ে যাতায়াতের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও পাল্টাপাল্টি হুমকির কারণে আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের জন্য ভ্রমণ ও নিরাপত্তা নির্দেশনা জারি করছে।