কঙ্গোতে ইবোলায় মৃত্যু ছাড়াল ১ হাজার ৩০০

কঙ্গোতে ইবোলায় মৃত্যু ছাড়াল ১ হাজার ৩০০
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬ ১১:৩০

আফ্রিকার দেশ কঙ্গোতে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে ইবোলা ভাইরাস। দেশটিতে এ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৫৪ জনে পৌঁছেছে। মাত্র পাঁচ দিনের ব্যবধানে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

কঙ্গো সরকার প্রকাশিত সর্বশেষ তথ্যে বলা হয়েছে, দেশটিতে ইবোলা আক্রান্তের সংখ্যা (মৃত্যুসহ) ৩ হাজার ৭৫ জনে দাঁড়িয়েছে। আগের সপ্তাহের তুলনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৭ শতাংশ।

সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গোর ইতিহাসে ইবোলার এই প্রাদুর্ভাব সবচেয়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়া পরিস্থিতিগুলোর একটি।

স্বাস্থ্য বিশেষজ্ঞ আব্দুলসামি নাসিদি সতর্ক করে বলেছেন, কার্যকর ভ্যাকসিনের অভাব এবং সংঘাতপূর্ণ অঞ্চলে দুর্বল স্বাস্থ্যব্যবস্থার কারণে ইবোলা নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে। তাঁর মতে, যুদ্ধকবলিত এলাকাগুলোতে চিকিৎসা সুবিধার ঘাটতি থাকায় ভাইরাসের বিস্তার ঠেকানো যাচ্ছে না।

কঙ্গোতে ইবোলা নিয়ন্ত্রণে বিজ্ঞানীরা নতুন ভ্যাকসিন নিয়ে কাজ করছেন। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপ জানিয়েছে, তাদের তৈরি একটি পরীক্ষামূলক ভ্যাকসিন ইতোমধ্যে একজন স্বেচ্ছাসেবীর শরীরে প্রয়োগ করা হয়েছে।

বর্তমানে কঙ্গোতে ছড়িয়ে পড়া ইবোলার ধরনটি হলো বুন্দিবুগয়ো ভ্যারিয়েন্ট। এটি ইবোলা ভাইরাসের বিরল চারটি ধরনগুলোর একটি। এসব ভ্যারিয়েন্ট মানুষের শরীরে সংক্রমণ ঘটাতে সক্ষম হলেও এখনো এগুলোর বিরুদ্ধে অনুমোদিত কোনো ভ্যাকসিন নেই।

২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকার গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয়। ওই সময় ১১ হাজারের বেশি মানুষ প্রাণ হারান এবং আক্রান্ত হন ২৮ হাজারের বেশি মানুষ।