ইরানের ওপর যুক্তরাষ্ট্র আবারও হামলা চালালে চলমান সংঘাতের ভৌগোলিক পরিধি আরও বিস্তৃত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সেনাবাহিনী।
রোববার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া এক বক্তব্যে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আর্কেমিনিয়া বলেন, যুক্তরাষ্ট্র যদি আবারও ইসরায়েলের প্ররোচনায় বা তাদের নির্দেশিত পথে সামরিক অভিযান চালায়, বিশেষ করে বিমান হামলা শুরু করে, তাহলে যুদ্ধ আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়বে।
তার এ মন্তব্য এমন সময় এলো, যখন আগামী মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে।
এদিকে ইরানের সেনাবাহিনীর আরেক মুখপাত্র জেনারেল আব্দুলফজল শেখারচি দাবি করেছেন, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নিজেদের লক্ষ্য অর্জন এবং ইরানকে দুর্বল করার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে।
রোববার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য বিশৃঙ্খল ও প্রত্যাশার বাইরে। তার দাবি, ওয়াশিংটন এখন যুদ্ধে নতুন কৌশল খুঁজছে।
শেখারচি আরও বলেন, যুক্তরাষ্ট্র চাইলে একতরফাভাবে এ যুদ্ধ থেকে বের হতে পারবে না। তার ভাষ্য, এ ক্ষেত্রে ইসরায়েলের সম্মতি প্রয়োজন হবে।
আরো পড়ুন: