যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও পাল্টা হামলা করবে না

যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও পাল্টা হামলা করবে না
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬ ১০:৩৫

যুক্তরাষ্ট্র যতদিন ইরানে সামরিক অভিযান বন্ধ রাখবে, ততদিন মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো থেকে বিরত থাকবে ইরান। দেশটির ক্ষমতাসীন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকেই ইরান ‘হামলার বদলে হামলা’ নীতি অনুসরণ করে আসছে। ফলে যুক্তরাষ্ট্র যদি সামরিক অভিযান বন্ধ রাখে, তাহলে ইরানও পাল্টা সামরিক পদক্ষেপ স্থগিত রাখবে। এ বিষয়ে ওয়াশিংটনকে ইতোমধ্যে বার্তা পাঠানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

শনিবার ও রোববার রাতে ইরানের কোনো সামরিক বা বেসামরিক স্থাপনায় মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) কোনো হামলা চালায়নি। একই সময়ে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকেও লক্ষ্য করে কোনো হামলা চালায়নি ইরান। এর আগে টানা ১৩ দিন ধরে উভয় পক্ষ একে অপরের অবস্থানে পাল্টাপাল্টি হামলা চালায়।

দীর্ঘদিনের পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনার জেরে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান শুরু করে। তবে সংঘাতের বর্তমান পর্যায়ে পরমাণু ইস্যুর পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিও অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।

যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেয়। কারণ, বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়েই পরিবহন করা হয়ে থাকে।